।।নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ অর্জন করতে পেরেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। এটা স্বাধীনতা বিরোধী অপশক্তির সহ্য হচ্ছে না। স্বাধীনতা বিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় তাই তারা বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপাচার্য এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ষড়যন্ত্রকারীরা চায় না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। আসুন আমরা দেশবাসীকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াত জোটসহ দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার পথকে সচল রাখি।
গোপালগঞ্জ জেলার যুব কল্যাণ সমিতির ঢাকার সভাপতি শেখ অলিদুর রহমান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ অর্গানাইজেশন উত্তরার সভাপতি শেখ মামুনুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম সাধারণ সম্পাদক এম টিপু সুলতান এবং ঢাকাস্থ গোপালগঞ্জ জেলার যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব শেখ ইকবাল প্রমুখ।






















