।।বিনোদন ডেস্ক।।
নতুন সিনেমায় গাইলেন ইমরান ও কোনাল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। ‘প্রেমের সাগর’ শিরোনামের এই গানটি থাকছে ‘দহনকাল’ চলচ্চিত্রে। ২৩ আগস্ট সন্ধ্যায় মোহম্মদপুরে সাজিদ সরকারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কোনাল ও ইমরান।
‘প্রেমের সাগর’ গান সম্পর্কে ইমরান বলেন, “অলি ভাইয়ের লেখা দুর্দান্ত আরেকটি গান। সাজিদ ভাইয়ের সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’-এর দ্বিতীয় কাজ। কোনাল এবং আমার পরপর একাধিক গান দর্শক গ্রহণ করেছেন। সব মিলিয়ে নতুন এই গানের কম্বিনেশনটা দারুণ হয়েছে।
আশা করছি, আমাদের পূর্বের গানের মতো এটিও দর্শক পছন্দ করবেন। ‘প্রেমের সাগর’ মিষ্টি প্রেমের গান উল্লেখ করে কোনাল বলেন, ‘রোমান্টিক সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের লিরিকস আমার ভীষণ প্রিয়, এর আগেও গেয়েছি। সব সময় তার লিরিকসে গেয়ে সন্তুষ্ট হয়েছি।
ইমরানের সঙ্গে নতুন এ গানটি মিষ্টি প্রেমের শান্তি লাগার মতো। গানটি করে আমাদের যতটা ভালো লেগেছে, আশা করছি দর্শকদের এর চেয়ে বেশি ভালো লাগবে। সর্বশেষ ‘ঈশ্বর’ গানটি দিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন গীতিকার সোমেশ্বর অলি। তিনি বলেন, ‘সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি একটি বেশ রোমান্টিক গান।
ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি ব্যবহার করা হবে।’
অচিরেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। ‘দহনকাল’-এ অভিনয় করবেন দুই বাংলার নামি শিল্পীরা। পুরনো দিনের প্রেক্ষাপটে এর শুটিং হবে কুষ্টিয়াসহ বেশ কিছু স্থানে।





















