।।নিজস্ব প্রতিবেদক।।
জি এম কাদেরের অনুপস্থিতিতে নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে থাকা জিএম কাদের বর্তমানে ভারত সফরে রয়েছেন। এরমধ্যেই মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন।
জাতীয় পার্টরি প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশাতেই তার উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে বিরোধ চলছিল রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে। এরশাদের মৃত্যুর পর দেবর-ভাবীর বিরোধ প্রকটভাবে প্রকাশ্যে আসে। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান করা হয়। রওশন তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এরশাদের মৃত্যুতে শূন্য বিরোধীদলীয় নেতার আসনে জিএম কাদের বসতে চাইলে, দেবর-ভাবির বিরোধে জাপা আরেক দফা ভাঙনের মুখোমুখি হয়।
পরে দুই পক্ষের সমঝোতায় কাউন্সিল পর্যন্ত জিএম কাদেরকে চেয়ারম্যান পদে মেনে নেন রওশন। বিনিময়ে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হন। এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে জিএম কাদের এরশাদপুত্র সাদ এরশাকে জাপার মনোনয়ন দেন এবং দলের যুগ্ম মহাসচিব হিসেবে ঘোষণা করেন।
পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ নভেম্বর দেশে ফেরেন রওশন এরশাদ। এর দুদিন পর তাঁর সঙ্গে দেখা করেন জি এম কাদের। কিন্তু তাতে তখন বরফ গলেনি। বরং ৩০ নভেম্বর রওশনপন্থীদের আপিলে ফের নিষেধাজ্ঞায় পড়েন জি এম কাদের।
গত বছরের ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন রওশন এরশাদ। জি এম কাদেরও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ডাকে দেখা করতে। পরেরদিন রাতে আচমকাই রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তাঁর অনুসারীরা। তবে ৪৫ মিনিটের ব্যবধানে ঘোষণাটি স্থগিতও করা হযেছিলো। এবার আবারও রওশন এরশাদ জি এম কাদেরের ভারত সফরকালে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যা হিসেবে ঘোষণা দিলেন।






















