।।স্পোর্টস ডেস্ক।।
ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে নিল স্পেন। আজ রবিবার সিডনির অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ফাইনালে ১-০ গোলের জয় তুলে নেয় স্পেনের মেয়েরা। অথচ এবারের আসর শুরুর আগে স্পেনকে নিয়ে বাজি ধরার লোক ছিল না বললেই চলে। এর কারণও বেশ চমকে দেওয়ার মতো।
বিশ্বকাপের ঠিক ১০ মাস আগে কোচ হোর্হে ভিলদার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মূল দলের ১৫ জন বিদ্রোহ ঘোষণা করেন। তারা সরে যান জাতীয় দল থেকে। পরে মাত্র তিনজন জাতীয় দলে ফিরলেও একদম নতুন দল নিয়েই বিশ্বকাপে খেলতে আসে স্পেন। তা ছাড়া বিশ্বসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াসের চোট তো ছিলই।
এমন দল নিয়ে কে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে? কিন্তু সেই স্বপ্ন দেখেছিলেন স্পেনের কোচ হোর্হে ভিলদা ও খেলোয়াড়রা। তাই আজ তারা বিশ্বচ্যাম্পিয়ন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হারের পর স্পেনকে নিয়ে বাজি ধরার লোক ছিল না বললেই চলে। কিন্তু নক আউট পর্বে দুর্দান্ত খেলে সেই স্প্যানিশরা প্রথমবারোর মতো ফাইনালে উঠে যায়।
অবশ্য তিনবারের বিশ্বকাপযাত্রায় এবারই প্রথম তারা নক আউট পর্বে খেলেছে। আসলে বিশ্বকাপ ট্রফিটাই যেন চাইছিল অদ্যম এই মেয়েদের হাতের ছোঁয়া পেতে। তাই সিডনিতে আজ রচিত হলো এক নতুন ইতিহাসের। ২০১০ সালে স্পেনের পুরুষ দলের বিশ্বকাপ জয়ের পর আজ একই গৌরব অর্জন করলেন মেয়েরা।





















