।।স্পোর্টস ডেস্ক।।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে চমকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ডর ১৪২ রান তাড়া করে আইসিসির সহযোগী সদস্য দেশটি জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। শক্তির বিচারে অনেকেই এটাকে অঘটন বলছেন। কিন্তু বিষয়টিকে এভাবে দেখতে রাজি নন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
তার মতে, এটা হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব।
আজকাল দেশে দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আয়োজনের হিড়িক পড়েছে। আরব আমিরাতের খেলোয়াড়েরাও ওই সব লিগে খেলে থাকেন। সোশ্যাল অ্যাকাউন্টে অশ্বিন লিখেছেন, ‘আমিরাতের পক্ষে নিউজিল্যান্ডকে হারানো নিঃসন্দেহে বড় কৃতিত্ব।
এর থেকেই প্রমাণ পাওয়া যায়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কতটা এগিয়ে গেছে। টেস্ট খেলুড়ে নয়, এমন দেশ থেকে উঠে আসা নতুন প্রজন্ম এখন অনেক আশাবাদী। ক্রিকেটের জন্য এটা খুবই ভালো খবর।’
আফগানিস্তানের লেগ স্পিন সুপারস্টার রশিদ খানকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অশ্বিন লিখেছেন, ‘রশিদ খান যখন আইপিএলে খেলতে আসে, তখনো আফগানিস্তানকে সেভাবে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে গণ্য করা হতো না।
কিন্তু এখন আফগানদের প্রভাব কেউ অস্বীকার করতে পারবে না। আশা করি আগামী দিনে আরো অনেক দেশের ক্রিকেটাররা আইপিএল খেলতে এগিয়ে আসবে এবং নিজের দেশের খেলাকেও উন্নত করবে।






















