।।স্পোর্টস ডেস্ক।।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেতন-ভাতাসহ আরো কিছু সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। অবশ্য আর্থিক সংকটের অজুহাতে গত ১০ মাস সাবিনা-সানজিদাদের দাবি পূরণ করতে পারেনি বাফুফে। অবশেষে এবার নারী ফুটবলারদের দাবি পূরণ করা হলো।
বুধবার বাফুফে ভবনের সভাকক্ষে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাফুফে।
নতুন এই চুক্তিতে ৩১ জন ফুটবলারের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। ৩১ ফুটবলারের মধ্যে ১৫ জন ৫০ হাজার, ১০ জন ৩০ হাজার, বাকি ছয় জন ১৮-২০ হাজারের মতো করে মাসিক বেতন পাবেন। বাফুফের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন তারা। যা ছয় মাস পর নবায়ন করা যাবে।
নারী ফুটবলারদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি ওঠার সময় আর্থিক সীমাবদ্ধতায় সেই দাবি পূরণ না করতে পারলেও এবার কিভাবে পেরেছে, সেই প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরো বেশি দিতাম। ঈদ বোনাসটা দিতে পারিনি।
ফুটবলবিশ্বে ঈদ, ক্রিসমাস বোনাস নেই। এ ছাড়া বেতন বৃদ্ধি, ম্যাচ খেলাসহ অন্যান্য সবই করা হয়েছে। ওরা ভালো পারফরম্যান্স করুক। পারফরম্যান্স করে আরো পাঁচ গুণ দাবি করুক―এটা আমি চাই। সেটা আমি না পারি, আরেকজন এসে দেবে।






















