।।নিজস্ব প্রতিবেদক।।
প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া চার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে ২৭ আগস্ট বাংলা প্রথম পত্র, ১ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৩ সেপ্টেম্বর ইংরেজি প্রথম এবং ৫ সেপ্টেম্বর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ পরীক্ষা ১ সেপ্টেম্বর, আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্যের পরীক্ষা ৩ সেপ্টেম্বর, বাংলা প্রথম পত্র পরীক্ষা ৫ সেপ্টেম্বর এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ সেপ্টেম্বর হবে। এছাড়াও অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী যথাসময়ে হবে।
চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ আর বন্যার কারণে গত শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়। দেশের ১১ বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও ওই চার বোর্ডের ক্ষেত্রে তা পিছিয়ে ২৭ আগস্ট শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়।
এ বছর দেশের ১১ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট কেন্দ্র ২ হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। এইচএসসি পরীক্ষা পেছানো, ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা।






















