।।নিজস্ব প্রতিবেদক।।
সদ্য নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) ‘নোঙর’ প্রতিক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ প্রতীক নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটি বলছে, ‘লাঙল’ প্রতীকের সঙ্গে ‘নোঙর’ প্রতীকের সাদৃশ্য রয়েছে ফলে নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন।
রোববার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। চিঠিতে বলা হয়েছে, পত্রিকায় জানতে পারলাম-নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে, ওই দলগুলোকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙর’ প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে। কারণ ‘নোঙর’ ও ‘লাঙল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তঃমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ সকলের দৃষ্টি শক্তি সমান থাকে না।
চিঠিতে দলটি আরও জানিয়েছে, উদাহরণ হিসেবে জানাতে চাই একসময় একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে। দলটি চিঠিতে আরও উল্লেখ করেছে, নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত ‘নোঙর’ প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।






















