।।স্পোর্টস ডেস্ক।।
বাঁ হাঁটুর লিগামেন্টের মারাত্মক ইনজুরিতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা গোলকিপার থিবো কোর্তোয়া। লা লিগার নতুন মৌসুম শুরুর আগে স্পেনের ক্লাবটির জন্য এটা বড় দুঃসংবাদ। ৩১ বছর বয়সী কোর্তোয়া দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি তাকে অস্ত্রোপচারের টেবিলেও যেতে হতে পারে।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘থিবো কোর্তোয়া হাঁটুর পরীক্ষায় গুরুতর ইনজুরি ধরা পড়েছে।’ তবে তার সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। এদিকে ‘দ্য অ্যাথলেটিক’ দাবি করছে, আগামী বছরের এপ্রিলের আগে কোর্তোয়ার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি তার পুরো মৌসুমও শেষ হয়ে যেতে পারে!
গতকাল বৃহস্পতিবার অনুশীলন সেশনে ইনজুরিতে আক্রান্ত হন কোর্তোয়া।
মাঠ ছাড়ার সময় তাকে কাঁদতে দেখা গেছে। শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। নিয়মিত এই গোলকিপারকে ছাড়া বিপদেই পড়ে যাবে মাদ্রিদের দলটি। শোনা যাচ্ছে, কোর্তোয়ার জায়গায় সুযোগ পাচ্ছেন ইউক্রেনিয়ান গোলকিপার আন্দ্রি লুনিন।
২০১৮ সালে চেলসি থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর রিয়ালের নিয়মিত গোলকিপার হয়ে গেছেন কোর্তোয়া। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৩০ ম্যাচ। জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। সম্প্রতি করিম বেনজেমা সৌদি আরবের লিগে যোগ দিয়েছেন। এবার কোর্তোয়ার ইনজুরিতে দুজন নির্ভরযোগ্য তারকা ছাড়াই মৌসুম শুরু করতে হচ্ছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।






















