।।স্পোর্টস ডেস্ক।।
দলবদল ইস্যুতে পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। প্যারিসের ক্লাবটির সঙ্গে কোনোভাবেই চুক্তি নবায়নে রাজি নন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা। যে কারণে কিছুদিন আগেই তাকে প্রাক মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ দেওয়া হয়। এবার এমবাপ্পের বিষয়ে আরও কঠোর হলো পিএসজি।
মৌসুম শুরুর আগে সবগুলো দলের ফুটবলারদের নিয়ে বার্ষিক লিগ ডি প্রফেশনাল’স (এলএফপি) মিডিয়া দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিটি দলের মূল স্কোয়াডের ছবি তোলা হয়- যা পুরো মৌসুমজুড়ে ব্যবহার করে ক্লাবগুলো। এবারের আয়োজনে ১৮টি দলের সব ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু বাদ পড়েছেন এমবাপ্পে! অনেকের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে পিএসজি বুঝিয়ে দিয়েছে যে, তাদের আগামী মৌসুমের পরিকল্পনায় এমবাপ্পের জায়গা নেই!
উল্লেখ্য, এমবাপ্পে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না।
এরপর থেকে ফরাসি তারকাকে বিক্রি করতে উঠেপড়ে লাগে পিএসজি। কিন্তু এমবাপ্পে চুক্তি শেষ না করে ক্লাব ছাড়তে রাজি নন। কারণ, এটা করলে তিনি ক্লাবের আনুগত্য বোনাসের পুরোটা পাবেন না। অন্যদিকে চুক্তি শেষে ক্লাব ছাড়লে অন্য কোনো দল তাকে ফ্রি ট্রান্সফারে নিতে পারবে।
এমনটা হলে কোনো টাকা পাবে না পিএসজি। এই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।





















