।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
অ্যামাজন বন রক্ষায় জোট গঠন করেছে বিশ্বের এই বৃহত্তম বনাঞ্চল সংশ্লিষ্ট আটটি দেশ। তবে তারা সম্মিলিতভাবে বন ধ্বংস অবসানের লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হয়েছে। তবে প্রতিটি দেশ বন ধ্বংস অবসানে নিজেদের লক্ষ্য নির্ধারণ করবে। মঙ্গলবার এক যৌথ ঘোষণায় জানানো হয়েছে, আট দেশের এই জোট বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এই আট দেশের প্রতিনিধিরা ব্রাজিলের বেলেম শহরে দুই দিনের এক সম্মেলনে মিলিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেয়া পদক্ষেপগুলোর কেন্দ্রে রয়েছে অ্যামাজন রক্ষা।
সম্মেলনের আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ২০৩০ সাল নাগাদ বনাঞ্চল ধ্বংস ঠেকানোর সম্মিলিত লক্ষ্য নির্ধারনের ডাক দেন। এই নীতি ইতোমধ্যে তার সরকার গ্রহণ করেছে। অ্যামাজনের প্রায় ৬০ শতাংশই ব্রাজিলের সীমানায়। এছাড়া এই বনাঞ্চল রক্ষার সম্মেলনে যোগ দেয় বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনেজুয়েলা।
পূর্বসূরি জইর বলসোনারো বন রক্ষার পরিবর্তে সেখানে উন্নয়ন কর্মকাণ্ডে জোর দিলেও লুলা ডি সিলভা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ব্রাজিলের বনাঞ্চল ধ্বংস নাটকীয়ভাবে কমে গেছে। তারপরেও প্রতিবছর হাজার হাজার বর্গকিলোমিটার বন ধ্বংস হচ্ছে।
সম্মেলন শেষে বেলেম ঘোষণা নামে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। এই জোটের লক্ষ্য হবে অ্যামাজনকে ফেরানো যাবে না এমন অবস্থায় যেতে বাধা দেয়া। এই ঘোষণায় পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সম্মেলনে যৌথ দরকষাকষির অবস্থানের মতো ইস্যুতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে।





















