উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।
খুলনা সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন শিশু রুবাইয়াকে আজ (৮ই আগস্ট) দুপুর ১২ টায় তার পিতার নিকট হস্তান্তর করেছেন কেএমপি সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষ।
গত ৫ আগস্ট আনুমানিক রাত ১টার দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি কন্যা শিশু (মানসিক বিকারগ্রস্থ)কে জনৈক ব্যক্তি সোনাডাঙ্গা থানায় নিয়ে আসেন। তারপর ওই শিশুকে সোনাডাঙ্গা থানা ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়। কণ্যা শিশুটি নিজের নাম ছাড়া আর কোনকিছু বলতে পারেনি। ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত এসআই ডলি সরকার ও এসআই ফাতেমা খাতুন সঙ্গীয় নারী কনস্টেবলসহ চেষ্টা করে ভিকটিমের বাড়ির ঠিকানা খুঁজে পায়।
অবশেষে ভিকটিমের বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে তার বাবাকে ফোন করলে তিনি জানান তার নাম মোঃ আছাদুল, পিতা-রহিম বক্স, সাং-আরাপপুর থানা ও জেলা-ঝিনাইদহ এবং ভিকটিমের নাম রুবাইয়া। তার বয়স ১১ বছর। রুবাইয়ার বাবা খুলনায় ভিকটিম সাপোর্ট সেন্টারে আসলে ভিকটিমের জন্মসনদ ও তাহার বাবার পরিচয়পত্র যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ হারুন অর রশিদ; ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ পারভীনা খাতুন এবং অফিসার ও ফোর্সের সহায়তায় জিডি মূলে ভিকটিমকে তার বাবার জিম্মায় প্রদান করা হয়।






















