।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ। বন্যা কবলিত এলাকায় জেলেনস্কির সফরের সময় এই হামলা চালাতে ওই নারী রাশিয়াকে তথ্য দিয়ে সহায়তা করেছিলেন বলে অভিযোগ করেছে গোয়েন্দা সংস্থা।
সোমবার এসবিইউ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী জেলেনস্কির মাইকোলাইভ সফর নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। গোয়েন্দা সংস্থা ওই নারীর একটি ছবি প্রকাশ করেছে। এতে তার মুখ ঝাপসা করে দেয়া হয়েছে। মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে ওই নারীকে আটক করেছেন-এমন ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া সামরিক কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি ফোন মেসেজ এবং হাতেলেখা নোট প্রকাশ করা হয়েছে।
রুশ সামরিক বাহিনীকে তথ্য দেয়ার অভিযোগে প্রায়ই নিজেদের নাগরিককে গ্রেপ্তার করে ইউক্রেন। জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, এসবিইউ প্রধান তাকে ‘বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই’ এর সবশেষ পরিস্থিতি জানিয়েছেন।
গত জুনে কাকোভকা বাঁধ ভেঙে যাওয়ার পর বন্যা কবলিত মাইকোলাইভ সফর করেন জেলেনস্কি। জুলাইয়ে গোলাবর্ষণের পরও অঞ্চলটি সফর করেন তিনি। তবে সফরের আগেই হামলার ষড়যন্ত্রের কথা জেনে যায় এসবিইউ ও ইউক্রেন। জেলেনস্কির সফরে অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়। এসবিইউ জানিয়েছে, ওই সন্দেহভাজন নারী রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলা’ চালানোর প্রস্তুতিতে সহায়তা করেছেন। তিনি ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদের মজুদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন।
ওই সন্দেহভাজনের ওপর নজর রাখা অব্যাহত রাখা শুরু করে এসবিইউ কর্মকর্তারা। তার রুশ নিয়োগকারী ও সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তার ওপর নজর রাখা হয়। পরে রুশ গোয়েন্দা সংস্থাকে তথ্য পাঠানোর সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এসবিইউ জানিয়েছে, ওই নারী মাইকোলাইভের ছোট শহর ওচাকিভে বসবাস করেন। আগে তিনি সেখানকার একটি সামরিক ঘাঁটির দোকানে কাজ করতেন।






















