আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
চিলাহাটি রেলওয়ে স্টেশনে জন্য জমি অধিগ্রহণের চিঠি দিয়েছে নীলফামারী জেলা প্রশাসক। নতুন লুপ লাইন ও ওয়াসফিট স্থাপন কাজের জন্য ওই নোটিশ দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পর জমির মালিকরা উপযুক্ত দাম নিয়ে পড়েছেন শঙ্কায়। তাদের অভিযোগ বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে জমি অধিগ্রহণ করছে সরকার।
জানা যায়, চিলাহাটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের পাশাপাশি আশেপাশে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ। সেখানে নতুন ৩টি লুপ লাইন ও ওয়াসফিট স্থাপনের কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আনুমানিক ২.৮৪ একর জমি অধিগ্রহণ করবেন। এই জমি অধিগ্রহণের বাজার মূল্য ধরা হয়েছে প্রতি শতাংশ ডাঙ্গা জমির মূল্য ২৩ হাজার ৮ শত ৮২ টাকা, ভিটা জমির মূল্য ৭৬ হাজার ৮ শত ৭৫ টাকা এবং ডোবা জমির মূল্য চার হাজার ৩ শত ৭৮ টাকা। যা সরকারি রেট অনুযায়ী তিন গুণ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এই জমির বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে জমি অধিগ্রহণ করা হচ্ছে। বর্তমান বাজারে এখানকার জমির মূল্য প্রতি শতাংশ ৩-৪ লাখ টাকা। আর সরকার আমাদের দিচ্ছে ৭৬ হাজার ৮শত ৭৫ টাকা করে। এতে আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হবে। চিলাহাটি এলাকার সাইদুর রহমান জানান, চিলাহাটি রেলওয়ে স্টেশন বাজার এলাকার জমি প্রতি শতক বিক্রি হচ্ছে ৩-৪ লাখ টাকায়। কিন্তু সরকার গত কয়েকদিন আগে জমি অধিগ্রহণের জন্য যে নোটিশ দিয়েছে এতে প্রতি শতক জমির দাম অনেক কম। এভাবে সরকার জমি নিলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হবো।
একই এলাকার আশরাফুল ইসলাম জানান, সরকার ভিটা জমির মূল্য ৭৬ হাজার ৮শত ৭৫ টাকা, ডাঙ্গা জমির মূল্য ২৩ হাজার ৮ শত ৮২ টাকা এবং ডোবা জমির মূল্য চার হাজার ৩শত ৭৮ টাকা নির্ধারণ করেছে। কিন্তু বর্তমানে এখানকার জমির বাজার মূল্য অনেক বেশি। প্রতি শতক জমি বিক্রি হচ্ছে সাড়ে ৩-৪ লাখ টাকায়। বাজার মূল্যের চেয়ে অনেক কম। বর্তমান বাজার মূল্যের সাথে নির্ধারণ করে জমির মালিকদের টাকা দেওয়ার দাবী জানান ভুক্তভোগী মালিকরা।





















