।।বিনোদন ডেস্ক।।
ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের প্রভাবশালী অভিনেতা ও পরিচালক জুটি দেব ও রাজ চক্রবর্তী। ‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘চ্যাম্প’-এর মতো সুপারহিট সিনেমার এই জুটি আবারওি একসঙ্গে ধামাকা আনতে যাচ্ছেন।
টলিউড সূত্র বলছে, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে, হাতে হাত রেখে আবারও নাকি একসঙ্গে কাজ করবেন দেব ও রাজ চক্রবর্তী। সব কিছু ঠিক থাকলে এই জুটির ম্যাজিক আবারও ঝড় তুলবে বক্স অফিসে।
জানা গেছে, সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকছে এসভিএফ। ইতিমধ্যে নাকি সিনেমার চুক্তিতে সই করে ফেলেছেন দেব। শুধু তা-ই নয়, এবার দেব-রাজ জুটির পরিকল্পনা ইতিহাস তৈরি করার। সে কারণেই সিনেমার বাজেটও আকাশছোঁয়া।
বাংলা সিনেমার সাধারণত যা বাজেট হয় তার ১০ গুণ লগ্নি করতে রাজি প্রযোজক। উপলক্ষ একটাই, ‘কেজিএফ’-এর মতো সিনেমা তৈরি হবে বাংলাতেও। নায়িকার খোঁজও নাকি চলছে পুরোদমে। এখনো চূড়ান্ত হয়নি কিছুই।
জানা যাচ্ছে, সিনেমাটির কাজ যেহেতু একেবারেই প্রাথমিক স্তরে তাই এখনই এ নিয়ে অফিশিয়াল মন্তব্য করতে রাজি নন কেউই। আপাতত সব ঠিকই আছে, এখন সবটা শুরু হওয়ার অপেক্ষায়। দেব-রাজ এ নিয়ে মন্তব্য না করলেও কাজ চলছে জোর কদমে।
এই মুহূর্তে নিজেদের আগামী প্রজেক্ট নিয়ে ব্যস্ত দুজনেই। রাজ ব্যস্ত তার প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ নিয়ে।
ওদিকে দেব ব্যস্ত তার প্রথম ‘ব্যোমকেশ’ চলচ্চিত্র নিয়ে। দুটি কাজেরই প্রচার চলছে জোরোশোরে।





















