।।খুলনা প্রতিনিধি।।
খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে নগরীর বাবুল সরদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকালে নগরীর গগণ বাবু রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন মুন্সী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছে। নিহত ব্যক্তি নগরীর কাস্টমঘাট এলাকার ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় মোঃ সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর গগণ বাবু রোডের বাসিন্দা মোঃ আজাদুর রহমান বাবুর ছেলে তিনি। সোমবার বিকাল ৪টার দিকে গগণবাবু রোডের ফুটপাত দিয়ে সাইফুল নামের এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হর্ন দেওয়ার পরও বাবুল সরদার সরে নি- এমন অভিযোগ তুলে মোটরসাইকেল আরোহী তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে মটরসাইকেল আরোহী তাকে কিল-ঘুষি মারলে বাবুল অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকেল ৫টার দিকে বাবুলের মৃত্যু হয়। নিহত বাবুল নগরীর মুন্সীপাড়ার তৃতীয় গলির বাসিন্দা। নগরীর সদর থানার (ভারপ্রাপ্ত) ওসি মোঃ হাসান আল মামুন বিডিহেডলাইন্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, হামলাকারী সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















