।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গত সপ্তাহের শেষে ছড়িয়ে পড়া সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট এর সঙ্গে প্রতিদ্বন্দ্বি ইসলামিস্ট গ্রুপের মধ্যে আইন-আল হিলাহ শিবিরে এই সংঘর্ষ শুরু হয়। নিহতদের মধ্যে এক কমান্ডার থাকার কথা নিশ্চিত করেছে ফাতাহ মুভমেন্ট।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আইন আল-হিলাহ শরণার্থী শিবির লেবাননের সবচেয়ে বড়। এই শিবিরে ৬৩ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে কোনো কোনো হিসেবে শিবিরের জনসংখ্যা আরও কয়েকগুণ বেশি।
দক্ষিণাঞ্চলীয় শহর সিদোনের কাছাকাছি অবস্থিত শিবিরটি এমন জায়গায় পড়েছে যেখানে লেবানিজ নিরাপত্তা বাহিনীর প্রবেশের আইনগত সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলো এই শিবিরে নিরাপত্তা বজায় রাখে। আর সেকারণে গ্রুপগুলোর সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা।
সবশেষ সংঘর্ষ শুরু হয় গত শনিবার। ইসলামিস্ট আল শাবাব আল মুসলিম গ্রুপের এক সদস্যকে খুন করা হলে সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ওই সময়ে গ্রুপটির কমান্ডারসহ ছয় জন আহত হয়। রবিবার ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমুচি আরও চার সহযোগীসহ নিহত হলে দিনভর শিবিরে উত্তেজনা অব্যাহত থাকে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে তাদের সেনাসদস্যরাও রয়েছে। লেবাননের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএরআরডব্লিউএ) পরিচালক ডরোথি ক্রস জানিয়েছেন, শিবিরে তাদের সংস্থার যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।





















