।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যৌথ নৌ ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) উৎক্ষেপণের কয়েক দিনের মাথায় এই মহড়া চালানো হয়েছে।
রবিবারের এই মহড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে। এতে অংশ নেয় তিন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী রাডার। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, এই মহড়ার উদ্দেশ্য ব্যালেস্টিক লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং সংশ্লিষ্ট তথ্য পরস্পরের সঙ্গে বিনিময় করা।
উত্তর কোরিয়া সম্প্রতি হাওসং-১৮ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। পিয়ংইয়ং বলছে, তাদের পারমাণবিক সক্ষমতার মূলে আছে এই ক্ষেপণাস্ত্র। শত্রুদের ‘জোরালো বাস্তব সতর্কত ‘ জানাতে বুধবার এই পরীক্ষা চালানো হয়।
কয়েক দিন আগে উত্তর কোরিয়া অভিযোগ করে মার্কিন গোয়েন্দা বিমান তাদের নিবিড় অর্থনৈতিক অঞ্চলের সমুদ্রসীমার ওপর উড়েছে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক জ্বালানির ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ সফরের নিন্দাও জানায় উত্তর কোরিয়া। এসব পদক্ষেপের জোরালো প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দেয় তারা। এরপরই আইসিএমবি উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।
ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে সিউল, টোকিও এবং ওয়াশিংটন। তারা বলেছে, এই উৎক্ষেপণ জাতিসংঘের বেশ কয়েকটি চুক্তির মারাত্মক লঙ্ঘন এবং কোরীয় দ্বীপে শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।






















