আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মৌলিক সাংবাদিকতা নিয়ে সংবাদকর্মীদের প্রশিক্ষণ

  • In গণমাধ্যম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ১২:৩০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@১২:৩০ পূর্বাহ্ণ
বগুড়ায় মৌলিক সাংবাদিকতা নিয়ে সংবাদকর্মীদের প্রশিক্ষণ
ছবি- বিডিহেডলাইন্স

একে আজাদ
বগুড়া প্রতিনিধি।।

বগুড়ায় সাংবাদিকতার ধরণ, সম্ভাবনা ও ঝুঁকি এড়ানোর কৌশল নিয়ে সংবাদকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করেছে রেসকিউ আওয়ার পিপল (রোপ) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা।

শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের রোচাস রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোপের সাধারণ সম্পাদক তাহমিনা পারভীন শ্যামলী।

ছবি- বিডিহেডলাইন্স

প্রধান প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

প্রশিক্ষণে সংবাদের মৌলিক বিষয়গুলো আলোচনার পাশাপাশি সাংবাদিকতার বিবর্তন, সম্ভাবনা, ঝুঁকিসমূহ নিয়ে কথা বলেন তিনি।

এ সময় ড. প্রদীপ পান্ডে বলেন, সাংবাদিক কোনো পক্ষের হবে না। সাংবাদিকতা হবে জনস্বার্থে, রাষ্ট্রের কল্যাণে। রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলে এমন কাজ করা থেকে বিরত থাকাটাও সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।

প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, সাংবাদিকতা পেশায় প্রতিনিয়ত শিখতে হয় আমাদের। এখন তথ্যপ্রযুক্তির যুগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত বিষয়গুলো ভালোমতো জানতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জয়যুগান্তর পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ।

তিনি বলেন, সুষ্ঠু ধারার সাংবাদিকা সমাজের জন্য খুবই প্রয়োজন। এই কারণে শিক্ষিত যুবক শ্রেণিকে এই পেশার দিকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। সুতরাং সমাজকে সঠিক রূপে দেখতে হলে সুসাংবাদিকতার বিকল্প নেই।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে টেলিভিশন সাংবাদিকতা ও ফুটেজ ভাবনা নিয়ে আলোচনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু।

এই পেশায় তরুণদের অংশগ্রহণ, দায়িত্ব নিয়ে কথা বলেন দৈনিক জয়যুগান্তরের বার্তা সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম।

প্রশিক্ষণের সব শেষে সংবাদমাধ্যমে ছবি নিয়ে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টার পত্রিকার বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে বগুড়ার তরুণ ও উদীয়মান ২৫ জন সংবাদকর্মী অংশ নেন। এমন প্রশিক্ষণ আগামীতে আরও হবে বলে আয়োজক প্রতিষ্ঠান রোপের সাধারণ সম্পাদক জানিয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ