।।নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের লোক হলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে। তিনি আরও বলেন, ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়া যাবে না।
আজ বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশের এক দল ও দোসররা হরতাল, অবরোধ ডাকছে। পুলিশের ওপর হামলা করেছে, তারা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করছে, গণতন্ত্রে চ্যালেঞ্জ করছে।
বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এখন প্রকাশ্যে বাধা দিচ্ছে, প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে তাদের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত। এসব বিষয়ে তো সভ্য দেশগুলো কিছু বলছে না।





















