।।বগুড়া প্রতিনিধি।।
বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও জানুয়ারির মধ্যেই ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন হয়ে যাবে, বেশিরভাগ দলই অংশগ্রহণ করছে। নির্বাচন কমিশন এখনো আশা করছে বিএনপি নির্বাচনে আসবে। যদি তারা নির্বাচনে আসে, অবশ্যই আমরা বিবেচনায় নেব। তারা নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলেও ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচনকালীন মেয়াদেই ভোট করতে হবে। সংবিধান অনুযায়ী এই সময়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা এসব কথা বলেন।
তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের ৩০টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। যদি কোনো দল স্বেচ্ছায় অংশগ্রহণ না করে তাহলে কমিশন কীভাবে তাদের নির্বাচনে আনবে। তবুও আমরা চেষ্টা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের সমন্বয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইসি রাশেদা।
সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান, র্যাব-১২-এর সিও মারুফ হোসেন, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার ডিসি সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ চার জেলার ডিসি, এসপি, ইউএনও, ওসি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















