।।নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরে লরির ধাক্কায় পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এসআইসহ আরও এক কনস্টেবল আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়া সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে পিকআপভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লরি ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি জানান, শুক্রবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। ভোর পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপকে ধাক্কা দেয়।





















