।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষক জাকির হোসেনকে ১৯ বছর পর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২২ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
জানা গেছে, জাকির হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঝিনাইগাতীর নলকুড়া গ্রামের ছয় বছরের শিশুকে জাকির হোসেন ভাঁটের ফুল দেখানোর কথা বলে ২০০৪ সালের ২৬ নভেম্বর বাড়ীর পশ্চিম পাশে মহারশি নদীর ধারের একটি ঝোপে নিয়ে যায়। পরে সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি আত্ম-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে দ্রুত ঘটনাস্থল থেকে জাকির হোসেন পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলার তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল-২, শেরপুর গত ০৮/১০/২০০৯ ইং তারিখে আসামী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জাকির হোসেন।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের যৌথাভিযানিক দল অভিযান চালায়। এসময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রেন লীডার আশিক উজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।






















