নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের ভেতরে মটরবাইক চালানোর দায়ে ৭ জনকে অর্থদণ্ড দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম জানান, জয়নুল আবেদিন পার্কে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে পার্কের অভ্যন্তরে মটরবাইক চালানো নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। পাশাপাশি স্কুল কলেজের ইউনিফর্ম পরে পার্কে প্রবেশও নিষিদ্ধ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরপর থেকে নিয়মিত পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধারাবাহিকতায় আজকে ৭ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে কাাঁচিঝুলি মোড়ের দুই হোটেলকে ২ মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা জাবেদ ইকবাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















