আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় অন্ধকার রাজপথে অগ্নিসন্ত্রাস, টার্গেট যানবাহন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ নভেম্বর ২০২৩ @ ০৯:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৩@০৯:৫৪ পূর্বাহ্ণ
বগুড়ায় অন্ধকার রাজপথে অগ্নিসন্ত্রাস, টার্গেট যানবাহন

।।বগুড়া প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বগুড়ার রাজপথে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। বগুড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। হরতাল-অবরোধ নিয়ে জনমনে তৈরি হয়েছে ত্রাস-আতঙ্ক। সেইসঙ্গে আতঙ্কে ভীত হয়ে পড়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা। চলন্ত যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুর করতেই রাতের অন্ধকারে মহাসড়ক টার্গেট করছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া শহরের বনানী গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে খড়বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগেরদিন বুধবার একই এলাকার প্রায় ১০০ মিটার পশ্চিমে একটি লরিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার এরুলিয়া ও ঘুনিয়াতলায় দুধবাহী একটি লরিতে অগ্নিসংযোগ এবং মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে দুটি ট্রাক ভাঙচুর করা হয়।

একাধিক ট্রাক চালক ও সিএনজি মালিকরা জানান, গেল দুইদিন সন্ধ্যা হলেই মহাসড়কে শুরু হয় অগ্নিসন্ত্রাস। লাখ লাখ টাকার যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। সংসার আর পেট বাঁচানোর জন্য পরিবহন শ্রমিকরা মহাসড়কে এসে আগুন সন্ত্রাসীদের টার্গেট এবং আকস্মিক হামলায় প্রাণহানির শঙ্কায় থাকেন বলেও মন্তব্য করেছেন।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকা এবং সড়কে সর্বক্ষণ টহল দিচ্ছে পুলিশ। জনজীবন স্বাভাবিক রাখতে বগুড়ার প্রতিটি রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

অন্যদিকে বগুড়া পুলিশ সুপারের বাংলো, কার্যালয়, শহরের ঝাউতলা এলাকায় ককটেল বিস্ফোরণ এবং জয় বাংলা এলাকায় গাড়ীতে আগুন দেয়ার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বগুড়া সদর থানা পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে। এসব মামলায় নামীয় ৯০ জন এবং অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, গাড়িতে আগুন লাগা ও ভাঙচুরের ঘটনায় এখনও কেউ আটক হয়নি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ