আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নেত্রকোনায় ৩৫৫ বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ নভেম্বর ২০২৩ @ ০৭:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৩@০৭:৪৭ অপরাহ্ণ
নেত্রকোনায় ৩৫৫ বস্তা ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি আটক

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে ৩৫৫ বস্তা ভারতীয় চিনিসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারের থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, মো. হাবিবুর রহমান, মো. দ্বীন ইসলাম, সুমন মিয়া, আকাশ মিয়া ও মো. রাসেল মিয়া। তাদের মধ্যে হাবিবুর ও দ্বীন ইসলাম কিশোরগঞ্জ, সুমন ময়মনসিংহ এবং আকাশ ও রাসেল নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপনে সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে চোরাকারবারিদের সাথে থাকা একটি ট্রাক এবং রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ ভ্যান তল্লাশি করে প্লাস্টিকের ৩৫৫টি বস্তায় থাকা ১৭ হাজার ৩৯৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। একই সাথে ট্রাকটিও জব্দ করা হয়।

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে চিনির বস্তাগুলো নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং নেত্রকোনা জেলায় চোরাচালান নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ