।।বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার বিভিন্ন উপজেলায় বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে নানা স্লোগানে মোটরসাইকেল শোভাযাত্রা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা৷
আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুপচাঁচিয়া এবং আদমদীঘি উপজেলায় উন্নয়ন শোভাযাত্রা করে আওয়ামী লীগ। দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুই উপজেলার দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড থেকে যৌথ শোভাযাত্রা বের হয়ে বগুড়া-৩ আসনের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এরপর সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রামানিক প্রমুখ।





















