মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার কেন্দুয়া থানায় বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশীসহ ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলীমুর রাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসানসহ ১৩৬ জন নেতাকর্মীর নামোল্লেখ রয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৬০-৭০ জনকে।
এ মামলায় উপজেলার মাসকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ভূইয়া (৫৬) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তিনি রায়পুর গ্রামের প্রয়াত ফজর উদ্দিন ভূইয়ার ছেলে।
মামলার বাদী এসআই আলীমুর রাজী জানান, নাশকতার মাধ্যমে ক্ষতিসাধন করা এবং ককটেল বিস্ফোরণ ঘটানোসহ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করে আদালতেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তবে পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল বলেন, আমরা এক দফা দাবিতে আন্দোলন করছি। আমাদের এ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বর্তমান ফ্যাসিস্ট সরকার ও তার আজ্ঞাবাহী পুলিশ বাহিনী একের পর এক আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে। নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। তবে মামলা, হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা রাজপথে আছি এবং থাকব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এক দফা চলবেই।






















