মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর স্টেডিয়াম পাড়ার প্রগতি ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় স্টেডিয়ামপাড়া এলাকার আহসান আলীর স্ত্রী বৃদ্ধা জাহানারা বেগম তার নিজ বাড়িতে অবস্থানকালীন সময়ে ৩ জনের একদল দুর্বৃত্ত বাড়ির মূল ফটক টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দরজার নক করলে বৃদ্ধা জাহানারা বেগম তার নাতি বাড়ি এসেছে মনে করে দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে দ্রুত সেখানে থেকে চলে যান।
বৃদ্ধা জাহানারা বেগম জানান, দরজা নক করার শব্দ শুনে আমার নাতি এসেছে মনে করে আমি দরজা খুলে দিই। পরে দরজা খোলার সাথে সাথে দুর্বৃত্তরা আমার গলায় চুরি ঠেকিয়ে টাকা পয়সা যা আছে আমাকে দিয়ে দিতে বলে। প্রাণভয়ে আমি তাদের কাছে ড্রায়ারের চাবি দিয়ে দিলে তারা ব্যাগে রাখা টাকাগুলো নিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে দুর্বৃত্তরা কি নিয়ে গেছে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি। এই ঘটনায় আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি আসামি আটক এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের কাজ চলছে।






















