নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে এ উৎসব চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এসময় তিনি নাট্যকলা উৎসবের সঙ্গে যুক্ত সকলকে সাধুবাদ জানিয়ে উৎসবের সফলতা কামনা করেন।
উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠছে। নাট্যকলা সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে অতীতে অবস্থান নিয়েছিল, এখনো নিচ্ছে ভবিষ্যতেও নেবে। শিল্পকলার মধ্যদিয়ে আমাদের মনোজগতের শুভবোধের বহিঃপ্রকাশ ঘটে। সেদিক থেকে নাট্যকলার মধ্যে যেহেতু আমাদের শিল্পকলার বহুকিছুর সমন্বয় ঘটে সেদিক থেকে নাট্যকলার মধ্যদিয়ে এই প্রতিবাদের বোধসহ আরও অনেককিছু সহজেই ধারণ করা যায়। নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ইতিবাাক চেতনার নানা কর্মকাণ্ড আমরা অতীতে দেখেছি। এবারো তার ব্যতীক্রম হয় নি। নাট্য উৎসব আয়েজন সেই চেতনারই বহিঃপ্রকাশ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভাগের অন্য শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় মাসরুল আহমেদের নির্দেশনায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সং যাত্রার নবরুপায়ন ‘রং ঢং সং’। এছাড়া দ্বিতীয় দিন মো.সালাহ উদ্দিন আনানের নির্দেশনায় রিশ স্মোলেনের রচনা এবং রুবাইয়াৎ আহমেদের অনুবাদ নাটক ‘শূন্যতায় কোনো রহস্য থাকে না’, তৃতীয় দিন হুমায়রা আক্তারের নির্দেশনায় পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাটক ‘দ্যা আলকেমিস্ট’ এবং শেষ দিনে মোহাইমিন দ্বীপুর অনুবাদ ও নির্দেশনায় ইউজিন আইওনেস্কোর রচিত’দ্যা চেয়ার’ নাটকটি মঞ্চস্থ হবে।
স্নাতকোত্তর শ্রেণির নির্দেশনা শাখার শিক্ষার্থীরা ডিজাইন শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে পরীক্ষার অংশ হিসেবে নাট্য প্রযোজনাগুলো নির্দেশনা দিচ্ছে। কোর্সটি তত্ত্বাবধান করছেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে একটি করে নাটক মঞ্চস্থ হবে।





















