।।কুমিল্লা প্রতিনিধি।।
বিদ্যালয়ের দোলনায় চড়তে যেয়ে বৈদ্যুতিক শকে নুসাইফা (৯) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ কমপ্লেক্সের উপজেলা পরিষদ স্কুলে ঘটনাটি ঘটে।
শিক্ষার্থীর মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শতশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষরা অশ্রুসিক্ত হয়ে পরেন। প্রত্যক্ষদর্শি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ক্লাস শুরুর আগে ৩ শিশু দোলনায় চড়ছিল। সকাল সাড়ে ১০টায় পিটি ক্লাশ শুরু হলে ২ শিক্ষার্থী চলে আসলেও নুসাইফা দোলনায় আটকে যায়। তখন শিক্ষার্থীরা চিৎকার করে শিক্ষকদের বলতে থাকেন স্যার নুসাইফা দোলনায় বিদ্যুতে শক খেয়েছে। তখন বিদ্যালয়ের ২ শিক্ষক নিজামুল হক মূন্সী ও ওমর ফারুক দৌড়ে গিয়ে তাকে দোলনা থেকে নামাতে যায়, তখন শিক্ষক নিজামুল বিদ্যুতের শক খেয়ে দৌড়ে যেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে।
পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেধাবী শিক্ষার্থী নুসাইফা উপজেলা পরিষদ স্কুলের তৃতীয় শ্রেণীর গোলাপ শাখার ছাত্রী ছিল। তার বাবা এলজিইডি অফিসের কার্যসহকারী মো. সহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পাশারকোট গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে, এ মূহুর্তে কিছু বলতে পারছিনা।
এ ব্যপারে অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, স্কুল ছাত্রী মৃত্যুর ঘটনায় তার পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেব।





















