হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র আসাদুজ্জামান নূর তুরাগকে নৃশংসভাবে হত্যা করে এক হাত কেটে নিয়ে উল্লাসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: টিপু খাঁ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে টিপু খাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত টিপু সদর উপজেলার ধুলদী গ্রামের হালিম খাঁর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন টিপু। গ্রেপ্তারকৃত টিপুকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। সে এ মামলার অন্যতম প্রধান আসামি।
প্রসঙ্গ, গত ১১ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে শহরের পশ্চিম আলীপুরের বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে আসাদুজ্জামান নূর তুরাগের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় দুর্বৃত্তরা তুরাগের একটি হাত কেটে নিয়ে উল্লাস করে বলে স্থানীয়দের দাবী। পরে এঘটনায় ১৩ অক্টোবর তুরাগের বাবা আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় টিপু সহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই টিপুসহ এ মামলার সব আসামিরা আত্মগোপনে চলে যায়।





















