।।নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে আজ চট্টগ্রামের কর্ণফুলী ও রাঙ্গুনিয়া এলাকায় একটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া সড়কে আজ বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিএনপি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, “বিএনপি নেতা-কর্মীরা একটি চলন্ত বাসে বাধা দেয়। তারা ঘটনাস্থল ত্যাগ করার আগে বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।”
তিনি বলেন, “পরে দমকলকর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। আমরা অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”
পৃথক ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, “আজ ভোর সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে আগুন দেওয়া হয়। এটি চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।”





















