হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ফরিদপুরে ঢিলেঢালে ভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে পরিবহনও। অবরোধ পালনে মাঠে দেখা মেলেনি বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীদেরও। কোথাও কোন অঘটনের সংবাদ শোনা যায়নি। তবে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সতর্ক অবস্থায় জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় এমনই চিত্র দেখা যায়।
সংবাদকর্মী জানান, সদরপুরে বিএনপির ডাকা অবোরধে কোন প্রভাব পড়েনি। প্রতিদিনের মতই সকল প্রকার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ব্যাংক বীমা প্রতিষ্ঠানের লেনদেন ছিল প্রতিদিনের মত। বাজারঘাটও ছিল খোলা।
সালথার সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান, সালথায় কোন অবরোধ পালন হতে দেখা যায়নি। নিত্যদিনের মতই স্হানীয় যানবাহন চলাচল করছে। রাস্তায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। তবে সবার মধ্যেই একটি চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে। কাঁচাবাজার সহ সকল প্রকার পন্যের বেঁচা কেনা ছিল স্বাভাবিক। কোথাও কোন খারাপ সংবাদ শোনা যায়নি।
নগরকান্দার মো. নাছির হোসেন নামে এক ব্যক্তি জানায়, নগরকান্দায়ও অবরোধের কোন ছাপ দেখা যায়নি। তবে আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে রাস্তায় স্বাভাবিক ভাবে হাঁটা চলা করতে দেখা গেছে। স্কুল-কলেজ মাদ্রাসা খোলা ছিল। বাজারঘাটও ছিল নিত্যদিনের মত। কোথাও কোন অঘটনের খবর শোনা যায়নি।
তবে, জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে মোটর সাইকেল শোভাযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালন করে ফরিদপুর জেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিস থেকে ওই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে বিএনপি ও জামাতের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন রকম স্লোগান দেয়া হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান জানান, “হরতাল ও অবরোধে জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।”






















