।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
রাজধানীর ফকিরাপুলে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল জানায়, গাইবান্ধা থেকে যুবদলের পলশবাড়ী শাখার আহ্বায়ক শামীম রেজা ও ডেমরা থেকে মো: সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত কনস্টেবলের নামাজে জানাজা চলাকালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এ দুজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত।
তিনি বলেন, যারা তাকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সবকিছু করব।
নগর পুলিশ প্রধান বলেন, আমিরুল তার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন এবং ডিএমপি তার পরিবারের পাশে থাকবে।
গতকালের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।






















