।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
গোপালগঞ্জে মাছ ভর্তি পিকআপভ্যান ও জিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের ফজল আলীর ছেলে পিকআপ চালক শফিক (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৫)।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ শরিফুল ইসলাম ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি একটি পিক আপ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা আগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের ২ জন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা পিকআপের সামনের অংশ কেটে নিহতদের লাশ উদ্ধার করেন। সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















