জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।
বাংলাদেশকে শেখ হাসিনা আমেরিকায় রুপান্তর করতে চান। এ বাংলাদেশকে ইউরোপের মত উন্নত-সমৃদ্ধ দেশে রুপান্তর করতে চান। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা, আন্তরিকতা এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মির্জা আজম।
আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সুরক্ষার লক্ষ্যে ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। উপজেলার বালিজুড়ী এস. এম ফাজিল মাদরাসা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মির্জা আজম বলেন, জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে পাকিস্থান বানাতে চেয়েছিলেন। সে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বন্দি ১১ হাজার যুদ্ধাপরাধীকে এক কলমের খোঁচায় মুক্ত করে দিয়েছিলেন। জামাতের আমির গোলাম আযম যে ১৯৭১ সালে রাজাকার-আল বদর বাহিনী গড়েছিল। সে ছিল পাকিস্থানের নাগরিক। তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় এবং বহুদলীয় গণতন্ত্রের নামে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দেয় জিয়াউর রহমান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সঞ্চালনা করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কাদের কিবরিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলত জামান দুলাল, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুন কুমার সাহা প্রমূখ।





















