জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া সুখিয়া ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজারে এ প্রতিবাদ মিছিল করে তারা।
জানা গেছে, ২০ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) স্বাক্ষরিত ৩১ সদস্যদের সুখিয়া ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়। কমিটিতে মো. ওয়াসিমুল বারী ওয়াসিমকে সভাপতি ও মো. রাজু আহমেদ (দৌলতকে) সাধারণ সম্পাদক করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া, সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নয়ন মিয়া, সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মী অংশ নেয়। সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজন মিয়া অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অপরিচিত লোক দ্বারা কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি অবিলম্বে বাতিল চাই। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই কমিটি বানচাল করে দেওয়া হবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন জানান, কমিটি দেয়ার কথা বলে আমার কাছ থেকেও দুই লাখ টাকা নিয়েছে। টাকা নিয়েও আমাকে কমিটি দেয়নি। অবিলম্বে এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেওয়ার আহবান জানাই।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম (ছোটন) জানান, গত ১৫ বছর ধরে বিএনপির দুর্দিন চলছে এসময়ে কমিটি বাণিজ্যের প্রশ্নই আসে না। যারা কমিটি পেয়েছে তারা যোগ্য।






















