হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে কাতার প্রবাসীর বাড়ীতে সবাইকে জিম্মি করে ডাকাতির ঘটনাসহ একাধিক ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং-এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ২৭ সেপ্টেম্বর শহরের তাম্বুলখানা এলাকায় রাত পৌনে দুইটার দিকে কাতার প্রবাসী চাঁন মিয়ার বাড়িতে ৭ জন ডাকাত দলের সদস্যরা গ্রিল কেটে ডাকাতি করে। বাড়ীর সকলকে জিম্মি করে কানের দুল, চুড়ি, চেইন, আংটিসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট এবং নগদ অর্থসহ প্রায় ৮ লক্ষ টাকার মতো লুট করে। পরে পুলিশ তদন্ত করে ও প্রযুক্তির মাধ্যমে আসামীদের চিহ্নিত করে। এই ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়া থেকে ডাকাত দলের সদস্য স্বামী-স্ত্রী শহিদুল ইসলাম (৪০) ও মিনু আক্তার ওরফে শারমিনকে (৩৮) ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
পরে তাদের দেয়া তথ্য মতে সালথা উপজেলার ভাওয়াল গ্রাম থেকে আরিফ মাতুব্বর (৩০) নামের অপর আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামী শহিদুল ও আরিফ শালা-দুলাভাই বলে জানা যায়। আসামীদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি হাওয়াই সেভেন-এ মডেলের মোবাইল ফোন সেট, প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন, ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, গ্রীল কাটার, সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
এসপি আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা গত ১৪ সেপ্টম্বর নগরকান্দা থানা এলাকাতেও ডাকাতি করেছে। এছাড়া বাগেরহাটের মোল্লার হাট, নারায়নগঞ্জপর রুপগঞ্জ ও ঢাকার খিলগাঁও এলাকার একটি বাড়িতে ডাকাতি করেছে। এছাড়া আসামীদের চক্রটি দেশের বিভিন্ন জেলাতেও ডাকাতি করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ সুপার।
এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






















