নির্ঝর রায়।
ফুলতলা প্রতিনিধি।।
আজ বুধবার (১৮অক্টোবর) বিকাল ৩টায় খুলনার ফুলতলা উপজেলা পরিষদের আয়োজনে হাবিবুর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়। এসময় শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ(এমপি)। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহানের সভাপতিত্বে এবং ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজার এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব শেখ আকরাম হোসেন (চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), আলহাজ্ব কে এম জিয়া হাসান তুহিন (ভাইস চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), জান্নাতুল ফেরদৌস নিশা (মহিলা ভাইচ চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), বিলকিস আক্তার ধারা(সদস্য, খুলনা জেলা আওয়ামীলীগ), শরিফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (চেয়ারম্যান ২ নং দামোদর ইউনিয়ন পরিষদ), রেক্সনা আজম (ফুলতলা উপজেলা মহিলা আওয়ামী লীগ।
প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ (এমপি) তার বক্তব্যে বলেন – ১৯৬৪ সালের এদিনে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভ বুদ্ধিবোধসম্পন্ন মানুষদের কাছে পরম আদরের নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কর্মসূচি অনুযায়ী দোয়া মাহফিল, আলোচনা সভা শেষে বিশাল এক রেলী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উক্ত রেলীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সব শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।





















