হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের কিস্তির চাপে দুলাল চন্দ্র কুন্ডু (৬৩) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ী বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ডের গুনবহা গ্রামের বাসিন্দা। দুলাল চন্দ্র কুন্ডু বোয়ালমারী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। তার দুই ছেলে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ওই ব্যবসায়ী কাজ শেষে গুনবহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় গিয়ে বিষপান করেন। পরে ওই এলাকার এক ব্যক্তি নিহতের মামাতো ভাই বলাই কুন্ডুকে ফোন করে জানালে বাড়ির লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয় বলে পারিবারের সদস্যরা জানায়।
দুলাল চন্দ্র কুন্ডুর ছেলে দেবাশীষ কুন্ডু জানান, ৫০ লাখ টাকার একটা লোন ছিল তার বাবার। ওই লোনের টাকার কারণে দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন বাবা। এছাড়া নিয়মিত কিস্তি পরিশোধ করতেও পারছিলেন না।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিপ্লব আহমেদ বলেন, দুলাল চন্দ্র কুন্ডু অনেক টাকার দেনা ছিল। সেই কারণে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ পুড়ানো হয়েছে বলে জানান এ কাউন্সিলর।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই ব্যবসায়ীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।






















