।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়া শেষে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
প্রধানমন্ত্রী এর আগে ওয়াশিংটন ডিসি’র ডালসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১ টা ৪০ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পাশাপাশি অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী । এরপর ২৩ সেপ্টেম্বর সেখান থেকে তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।
আগামী ৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটি।





















