নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব। প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৪ এর উপ-পরিচালক (অপারেশন) মো আনোয়ার হোসেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পাতারিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ শামছুল আলম(৪১), হরিজন পল্লীর রঘুনাথ হরিজনের ছেলে বিজয় দাস হরিজন (৪৫), চরপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মোঃ তুষার আহম্মেদ (২৬), চরপাড়া বউ বাজার এলাকার আবদুর রউফের ছেলে মোঃ রতন মিয়া (৪৭), চর কালিবাড়ী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আলাল উদ্দিন (৩২), শ্যামপুর এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৬), ফুলপুর উপজেলার সিঙ্গীমারী এলাকার হেলাল উদ্দিনের ছেলে পাভেল (২৩)।
র্যাব ১৪ এর উপ-পরিচালক ( অপারেশন) মো আনোয়ার হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত। বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। দালাল চক্র নির্মূলে র্যাবের এমন অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আটককৃতদের ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।






















