নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে মসিকের স্বাস্থ্য বিভাগ।
রোববার (৮ অক্টোবর) সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় সিটি মেয়র কৃমি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মসিকের সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করেন।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধকালে মেয়র ইকরামুল হক টিটু বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্বল ভবিষ্যতের হাতিয়ার। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকা অত্যন্ত জরুরী। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিশুদের কৃমির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা সরকারের একটি প্রশসংনীয় উদ্যোগ।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।






















