শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনীর পাহাড়ি এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (৬অক্টোবর) সকালে এলাকার কয়েকজন কৃষক ছোট গজনী দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিল। এসময় তারা মৃত অবস্থায় একটি বন্য হাতি দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করে।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, মৃত হাতিটি পুরুষ জাতের। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
ঝিনাইগাতী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন, সুরতহাল প্রতিবেদনে হাতিটির সামনের ডান পায়ে হাঁটুর প্রায় চার ইঞ্চি নিচে একটি কালো দাগ পাওয়া গেছে। তবে, ময়নাতদন্ত ছাড়া কোনভাবেই সম্ভব না হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে। এজন্য আমরা ভিসেরা পরীক্ষার জন্য কয়েকটি নমুনা সংগ্রহ করেছি।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা সম্ভব নয়। তবে, প্রাণী সম্পদের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) ল্যাবে পরীক্ষার পর হাতিটির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট পেলেই এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।






















