।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ইরান থেকে গত বছর আটক করা প্রায় ১১ লাখ গুলি ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মধ্যপাচ্যে অভিযান তদারকির দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ডিসেম্বেরে ইয়েমেনের উদ্দেশে যাওয়া একটি জাহাজ থেকে এসব গুলি জব্দ করা হয়।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সম্প্রতি সতর্ক করে বলেছে, ইউক্রেন যে হারে গোলাবারুদ ব্যবহার করছে সেই হার বজায় রাখতে হিমশিম খাচ্ছে তাদের উৎপাদনের লাইন। সেন্টকম জানিয়েছে, ইরানি গুলিগুলো গত সোমবার ইউক্রেনে হস্তান্তর করা হয়েছে। এসব গুলি গত ৯ ডিসেম্বর মারওয়ান ১ নামে একটি পতাকাহীন জাহাজ থেকে জব্দ করে মার্কিন নৌবাহিনী।
গত জুলাইয়ে মার্কিন সরকার এসব গুলির মালিকানা পায়। বিশেষ এক আইনের মাধ্যমে এগুলো নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র। ওই আইনে বলা হয়েছে, কোনো সম্পদ জব্দ করা যাবে, যদি তার মালিক অপরাধী কর্মকাণ্ডে জড়িত বলে বিশ্বাস হয়। ওই ঘটনার ক্ষেত্রে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব বৈধ উপায়ে এই অঞ্চলে ইরানের প্রাণঘাতী অস্ত্র সহায়তার প্রবাহ মোকাবিলায় আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র’।
ইয়েমেনের গৃহযুদ্ধে হুথি বিদ্রোহীদের সমর্থন করছে ইরান। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের এক প্রস্তাব অনুযায়ী ওই গ্রুপটির কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ।





















