মিঠু মুরাদ,
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে বন্যার পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে শত শত হেক্টর চাষাবাদের জমি, হাজারো মানুষ পানিবন্দি হয়েছে।
আজ (৪ অক্টোবর) তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই পয়েন্টে বিকেল ৩টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে দুপুর ১২টায় পানি প্রবাহ ছিল বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাত পর্যন্ত বিপৎসীমার ৫০ সে.মি. উপর পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছে ব্যারেজ কর্তৃপক্ষ।
ভারতে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উপজেলা প্রশাসনের সতর্কতা জারি। ইতোমধ্যে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে উপজেলার তিস্তা চারাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার হাজারও পরিবার। বড় ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে তিস্তা পাড়ের মানুষ।
এদিকে পাটগ্রাম থানার ফেসবুক পেইজে সতর্ক বার্তা জারি করেছে থানা পুলিশ। এছাড়াও মাইকিং করা হচ্ছে দহগ্রাম চারাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা অংশে বাঁধ ভেঙে যায়। প্রবল বেগে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পানি। এমতাবস্থায় ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে। তিস্তায় আবারো বন্যা দেখা দিয়েছে। আমরা সার্বিক খোঁজখবর রাখছি।






















