হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু হয়েছে। সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ফরিদপুর গোয়ালন্দ মোড় থেকে এই রোডমার্চ শুরু হয়। রাত পর্যন্ত এই রোডমার্চ চলবে বলে জানিয়েছেন জেলা বিএনপি।
ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শুরু করে বেশ কয়েকটি পথসভা করা হবে। এরমধ্যে, রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরের পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।





















