নজরুল ইসলাম দয়া
নন্দীগ্রাম, বগুড়া।।
বগুড়ার নন্দীগ্রামে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত পিপিআর রোগ প্রতিরোধে ১০দিন ব্যাপি বিনামূল্যে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
শনিবার (৩০সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম পৌর সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এরআগে তিনি উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় জানান, ভাইরাসজনিত পিপিআর রোগ নির্মূলে উপজেলার ৩২ হাজার ছাগল ও ভেড়ার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।
জানা গেছে, পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) ভাইরাসজনিত রোগ। সাধারণত সারা বছরই ছাগল-ভেড়া এ রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায়।





















