হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা বেগম (২১) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১’শ ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যু নারী হলেন- গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার আদমপুর এলাকার মো. আবদুল্লাহর স্ত্রী। সে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরেরদিন ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১’শ ৯৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭’শ ৬২ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৭ জন ডেঙ্গু রোগী।





















